টেকনাফে ইজিবাইক থেকে ১৩ গ্রেনেড ও ৭৬ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৩টি গ্রেনেড ও ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।

রোববার (২২ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৫। এর আগে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি-১৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অভিযানে থাকা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি পরিত্যক্ত ইজিবাইক থেকে এসব গ্রেনেড, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা গ্রেনেডের মধ্যে সাতটি সাধারণ গ্রেনেড ও ছয়টি এজিএল গ্রেনেড রয়েছে। এ ছাড়া একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইকও জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেগুলো সংরক্ষণ ও পরিবহনে দুর্ঘটনার আশঙ্কা ছিল। এ কারণে আদালতের কাছে সেগুলো ধ্বংসের অনুমতি চাওয়া হয়। পরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৫ (নন-জিআর) ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখাকে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় ও ধ্বংসের নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো ধ্বংস করে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।