মাদক মামলায় চট্টগ্রামে তিনজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় দুই হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) চট্টগ্রাম মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারা উপজেলার বরুমছড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মো. আলম (৩৯), ইব্রাহিম মিয়ার স্ত্রী সেনোয়ারা বেগম (২৭) এবং খুরুশকুল এলাকার মৃত ইমাম শরীফের ছেলে মোশারফ আলী (৩৮)।

আদালতের বেঞ্চ সহকারী নাইম হোসেন জানান, ছয়জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ জুলাই নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের বিপরীতে রাজবাড়ি কনভেনশন সেন্টারের সামনে অভিযান চালিয়ে আলম, মোশারফ আলী ও সেনোয়ারা বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বহন করা ব্যাগ থেকে দুই হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

এ ঘটনায় এসআরবি-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৎকালীন সদস্য খালিদুর রহমান বাদী হয়ে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হলে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।