উপজেলা পরিষদের পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর আবু গায়িব (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর পুকুরের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু গায়িব কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পূর্ব লাইট হাউস ফাতেরঘোনা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে আবু গায়িব। একপর্যায়ে সে পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও প্রথমে তার সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে পুকুরের পাশ থেকে কিশোরটির ব্যবহৃত একটি সাইকেল, জুতা ও গেঞ্জি উদ্ধার করা হয়। পরে প্রায় আট ঘণ্টা তল্লাশি শেষে সন্ধ্যার পর পুকুরের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উপজেলা পরিষদের এই পুকুরে পানিতে ডুবে দুর্ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনা ঘটলেও পুকুরের চারপাশে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় উদ্বেগ বাড়ছে। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে পুকুরের চারপাশে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার সন্ধ্যার পরে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।