বান্দরবানে ৭ শ্রমিক অপহরণের অভিযোগ

বান্দরবা‌নের লামার সরই ইউনি‌য়‌নের লুলাইং এলাকা থে‌কে সাত জন শ্রমিককে অপহর‌ণের অভিযোগ উঠেছে। রোববার (২ ফেব্রুয়ারি) সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকার আমবাগান দুপুর ১২টায়  অপহরণের এ ঘটনা ঘটে।

বান্দরবা‌ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লামা সার্কেল) মো. করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস বলেন, ‘লুলাইন এলাকা থেকে কে বা কারা শ্রমিকদের অপহরণ করে নিয়ে যায়। তারা সেখানে বিভিন্ন কাজের জন্য শ্রমিক হিসেবে কাজ করেন। তবে তারা লামার স্থানীয় কেউ না। চট্টগ্রামের লোহাগাড়া ও আমিরাবাদ এলাকার বাসিন্দা হতে পারে।’

তিনি বলেন, ‘সাত শ্রমিকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে শুনেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। নেটওয়ার্ক বিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।’

সরই ইউনিয়নের ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান  বলছেন, সাত শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে তারা শুনেছেন। পুলিশ ঘটনাস্থলের দিকে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।’

পু‌লিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওসার ব‌লেন, ‘অপহর‌ণের খবর শু‌নে সেখানকার পুলিশ ফাঁ‌ড়ির ইনচার্জকে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে পু‌লিশ রওনা দি‌য়ে‌ছে। ত‌বে এলাকা‌টি অনেক দুর্গম, তাই খবর পে‌তে আরও সময় লাগ‌বে। এখ‌নও অপহরণকারী কিংবা শ্রমিক‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।’