বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। তারেক রহমানের ফরিদপুর আগমনকে ঘিরে প্রস্তুতি জোরদার করেছে জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। এ উপলক্ষে গত রোববার (১ ফেব্রুয়ারি) সকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভাস্থল পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলা, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন, তানভীর হোসেন চৌধুরী রুবেল ও সদস্য মোহাম্মদ শামীম হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহিদুজ্জামান নাহিদ, জেলা জাসাসের আহ্বায়ক সৈয়দ রাশেদুল আলম তুহিন, সদস্য সচিব আরিফ বকু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম লিটন, ছাত্রদলের সহ-সভাপতি আদনান খান, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম স্মরণ এবং সরকারি ইয়াসিন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সজীব আহসানসহ অনেকেই।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন জানান, আগামীকাল বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর বিভাগীয় জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর—থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।