দীর্ঘ ১৬ বছর পর হামাগুড়ি দিয়ে কেন্দ্রে কামাল মিয়া

দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার প্রয়োগ থেকে দূরে ছিলেন শারীরিক প্রতিবন্ধী কামাল মিয়া। ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকায় ক্ষোভ থেকেই নিজেকে সরিয়ে রেখেছিলেন ভোট উৎসব থেকে। তবে এবারের নির্বাচনে সেই অভিমান ভেঙে তপ্ত রোদের মধ্যেই হামাগুড়ি দিয়ে ভোটকেন্দ্রে হাজির হন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রায়ের চালা গ্রামের বাসিন্দা, ৭০ বছর বয়সী এই চা দোকানি উত্তর লস্কর চালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন। দুই পা হারানো কামাল মিয়াকে অনেকটা হামাগুড়ি দিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।

কামাল মিয়া বলেন, দীর্ঘদিন তিনি ভোট দেওয়ার পরিবেশ পাননি। তাই ভোট দেননি। তবে এবারের পরিস্থিতি তাকে নতুন করে আশাবাদী করেছে। ‘আজ সুযোগ এসেছে। তাই কষ্ট হলেও ভোট দিতে এসেছি,’ বলেন তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে কামাল মিয়া বলেন, ‘ভোট দিতে পেরে অনেক ভালো লাগছে।’ নতুন সরকার যেন তার মতো প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ায় এমন প্রত্যাশাও জানান তিনি।