গাজীপুরে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে চার ইউনিট

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ীর আমবাগ ঈদগাহ মাঠের পাশের একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন চারপাশে ছড়িয়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিয়ন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন জানান, ‘আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে কাজ করছি। গুদামে অনেক ঝুট ছিল সেগুলোতে আগুন লেগে যাওয়ায় ভয়বহতা বেশি। আগুন নিয়ন্ত্রণের পর ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে।’