পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম দেওভোগ এলাকায় বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টার দিকে শহরের পশ্চিম দেওভোগ এলাকার হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। 

নিহত দুই শিক্ষার্থী হলেন, পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে মো. সোপান (২৪) এবং ঢাকার মিরপুর-১৩ এলাকার মেজর মুকিবের ছেলে আজওয়াদ (২৩)। তারা দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষার্থী।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ইউসুফ আলী সরকার বলেন, বিকাল ৫টা ১০ মিনিটে মৃত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। তবে একজনের নাক ও মুখে রক্ত রয়েছে। তাই মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. কামরান হাসান জানান, ঢাকা থেকে ১৩ বন্ধু দেওভোগ এলাকার মোস্তাকুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকাল ৪টার দিকে কয়েকজন গোসলে নামে। এসময় পা পিছলে আজওয়াদ পানিতে দুরে চলে যায়। অপর বন্ধু সোপান উদ্ধারের চেষ্টা করে। পরে দুজনেই পানিতে তলিয়ে যায়। একপর্যায়ে ছাদের উপর থেকে দেখে অন্য বন্ধুরা ছুটে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে।

তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।