টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গ থেকে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেয়।
নিহতদের মধ্যে নওগাঁর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন এবং রাজশাহী, কুষ্টিয়া ও নাটোরে ১ জন করে রয়েছেন।
নিহতদের পরিচয়:
নওগাঁর মান্দা উপজেলার নিহতরা হলেন- সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), মো. বারিক (২১), বাদশা (৩২), গিয়াস (২০), মাইনুল (২৮), ইয়াকুব (২০), তারেক (২০), মাইনুল (৩৫) ও সুজন (৩৫)। এছাড়া রাজশাহীর তানোরের ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের নজরুল (৬০) ও মামুন (৪৫), কুষ্টিয়ার হাসান আলী এবং নাটোরের মোহাম্মদ আলম মোল্লা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা মহাসড়কের কালিহাতী এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পুলিশ জানায়, নিহতরা মূলত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের পরিত্যক্ত চুল এবং ভাঙারি মোবাইল ফোন ফেরি করে কেনাবেচা করতেন। জীবিকার তাগিদে রডবোঝাই ট্রাকে করে যাওয়ার সময় এই করুণ পরিণতির শিকার হন তারা। এই ঘটনায় আরও আটজন গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
যমুনা সেতুর পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, নিহত ১৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রিয়জনদের নিথর দেহ বুঝে নিতে এসে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়। মধ্যরাতেই মরদেহগুলো স্ব স্ব এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।