টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলকে একটি সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে সরকার ইতি মধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সংস্কৃতি চর্চার বিকাশ ও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত করা জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ভাসানী হল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ভাসানী হলের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য প্রয়োাজনীয় উদ্যোগ নেওয়া হবে। হলটির ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের করা হবে। 

তিনি আরও বলেন, ভাসানী হল ছিল টাঙ্গাইলের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার অন্যতম কেন্দ্র। এই হলকে ঘিরে নাটক, সংগীত, আলোচনা সভাসহ নানা সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হতো। ফলে টাঙ্গাইল সারাদেশে একটি সাংস্কৃতিক নগরী হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিল। কিন্তু দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ভবনটি তার জৌলুস হারিয়েছে।

এসময় তিনি ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারকে উদ্দেশ্য করে বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ঐতিহাসিক এই ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। ফলে ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং সাংস্কৃতিক কর্মকন্ড বন্ধ হয়ে যায়।

প্রতিমন্ত্রী টুকু বলেন, ভাসানী হলটি প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। তার স্মৃতি ধরে রাখার জন্য জরাজীর্ণ ভবনটি সংস্কার করা হবে। এই টাঙ্গাইলকে আধুনিক মডেল টাউন গড়ে তোলা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা।