আমি গেরামের ছেলে, কোদাল দেন : গাজীপুরের জেলা প্রশাসক

`আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন।’ এই কথা বলে সহকর্মীদের কাছ থেকে মাটিকাটার কোদাল নিয়ে নিজেই মাটি খুড়ে একটি গাছের চারা রোপন করে সরকারের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তার এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিতদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

শনিবার ( ১৩ জুন) বর্তমান সরকারের দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি শুরু হয়েছে। 

জেলা প্রশাসন, গাজীপুর এবং ঢাকা বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় গাজীপুর সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফলদ গাছের চারা রোপণ করা হয়।

পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বশিরুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন, জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনে পরিণত হওয়া প্রয়োজন। এ লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।