গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সড়ক অবরোধ করে মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ছবিতে কালি লেপনের প্রতিবাদ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় অন্তত ৪০ থেকে ৫০ জন টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, একটি ঝটিকা মিছিল হয়েছে শুনেছি। যেহেতু এটি নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মসূচি, তাই জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।