ফরিদপুরের ভাইরাল শিল্পী লাইলীর পাশে সরকার

ফরিদপুরের লোকগান শিল্পী লাইলী বেগমকে তিন লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জুন) সকালে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী তার হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘লাইলী বেগম কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই নিজের প্রতিভা ও সাধনার মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দেশের মাটি ও মানুষের সংস্কৃতিকে ধারণ করে তিনি গান গেয়ে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গান শুনে আমরা মুগ্ধ হয়েছি। এমন প্রতিভাবান শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করা প্রয়োজন বলেই আমরা এই সহায়তার উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও জানান, শুধু আর্থিক সহায়তা নয়, লাইলীকে ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যক্রমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারায় যুক্ত হয়ে আরও বড় পরিসরে তার প্রতিভা বিকাশের সুযোগ পাবেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি লোকগান ও বাউলগান পরিবেশনের ভিডিওর মাধ্যমে আলোচনায় আসেন লাইলী বেগম। তার সুমধুর কণ্ঠ, সহজ-সরল পরিবেশনা এবং গ্রামীণ জীবনের আবহ ফুটিয়ে তোলা গান হাজারো দর্শকের প্রশংসা কুড়ায়। অল্প সময়ের মধ্যেই তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

অনুদান গ্রহণের পর আবেগাপ্লুত লাইলী বলেন, ‘আমার মতো গ্রামের একজন শিল্পীকে সচিবালয়ে ডেকে এনে সম্মান জানানো হবে, এটা কখনও ভাবিনি। সরকারের এই সহযোগিতা আমাকে আরও ভালোভাবে গান গাইতে এবং সংস্কৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।’

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা মনে করছেন, লাইলীর মতো মাটির কাছাকাছি থাকা শিল্পীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেশের লোকসংগীত ও গ্রামীণ সংস্কৃতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। তার এই অর্জন নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।