ছাগল উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের আক্রান্ত হয়ে একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মধুপুর উপজেলার টেলকি এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব না হলেও, তারা সবাই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে ওসি জানান, সকালে একটি ছাগল হঠাৎ করেই ওই পরিত্যক্ত টয়লেটের গর্তের ভেতর পড়ে যায়। সেটিকে জীবিত উদ্ধার করতে পরিবারের একজন সদস্য গর্তে নামেন। কিন্তু ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তিনি আর ওপরে উঠতে পারছিলেন না। তাকে ছটফট করতে দেখে এবং উদ্ধার করার তাগিদে পর্যায়ক্রমে পরিবারের আরও তিন সদস্য গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে গর্তের ভেতরে থাকা তীব্র বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে চারজনই সেখানে মারা যান।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে গর্তের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহগুলো উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। নিহতদের সঠিক পরিচয় নিশ্চিত করতে এবং দুর্ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় পুরো টেলকি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।