অজুর সময় বজ্রপাতে ৩ মাদরাসা ছাত্র নিহত

নরসিংদীর মনোহরদী উপজেলায় এক ভয়াবহ বজ্রপাতের ঘটনায় তিন মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া তিন শিক্ষার্থী হলো—কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জহিরুল ইসলামের ছেলে বাদল মিয়া (১৫), দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান (১৪) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার কালিবাজার এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে আবু জাফর (১৫)। তারা সবাই ওই মাদরাসার শিক্ষার্থী ছিল।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার মাগরিবের নামাজের আগে মাদরাসার ওই চার শিক্ষার্থী একসঙ্গে অজু করছিল। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে পাশ্ববর্তী শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ জানিয়েছেন, বজ্রপাতের আঘাতে আহত অপর এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এই ঘটনায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং নিহতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।