আর্থিক সংকটে বন্ধ ফমকম ফ্যাশন লিমিটেড

গাজীপুরে বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

গাজীপুর সদর উপজেলার একটি তৈরি পোশাক কারখানা পুনরায় চালু এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সেখানে কর্মরত শ্রমিকরা।
 
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফমকম ফ্যাশন লিমিটেড (লিথি গ্রুপ)-এর শ্রমিকরা এ মানববন্ধন করেন।
 
শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আর্থিক সংকটের কারণে কারখানাটি গত ৭ জুন থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু নির্ধারিত দিনে কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি।
এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা বুধবার সকাল ১০টার দিকে বাঘেরবাজার এলাকায় ব্যানার হাতে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং তাদের সব পাওনাদি বুঝিয়ে দেওয়ার দাবি জানান।
শ্রমিকদের অভিযোগ, কারখানা দীর্ঘদিন বন্ধ থাকায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বকেয়া বেতন না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। তাই দ্রুত সমস্যা সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, বাঘেরবাজার এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে শ্রমিকরা মানববন্ধন করলেও কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি। শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ করে চলে যান।
এদিকে গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ জানান, কারখানাটি পুনরায় চালু এবং বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আগামী ৩০ জুন টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।