কালীগঞ্জে গুণগত শিক্ষার মানোন্নয়নে বিশেষ কর্মশালা

গাজীপুরের কালীগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পরিবেশবান্ধব শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ এবং গুণগত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ‘সাসটেইনেবল ক্যাম্পাস ইনিশিয়েটিভ (এসসিআই)’ শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় অবস্থিত মেঘবাড়ি রিসোর্টে এই আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা বিভাগের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে জোর দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. শেখ তাহমিনা আউয়াল এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জুবায়ের আহমেদ।

অনুষ্ঠানে অনন্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপজেলার প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকরাসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি এই কর্মশালায় অংশ নেন।

দিনব্যাপী এই কর্মশালায় টেকসই ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার নানামুখী কৌশল, পরিবেশ সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষা ব্যবস্থার গুণগত উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, সবুজায়ন ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার বিভিন্ন দিক ও নিজেদের মতামত তুলে ধরেন।

একই দিনে কর্মশালার পাশাপাশি উপজেলা শিক্ষা কমিটির সঙ্গে উপজেলার ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিদ্যালয়গুলোর বিদ্যমান সমস্যা, উন্নয়নের সম্ভাবনা, অবকাঠামোগত চাহিদা এবং শিক্ষার সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সংশ্লিষ্ট মহল মনে করছেন, টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের কর্মশালা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে এবং শিক্ষার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।