গাজীপুরে মাদক কারবারির আস্তানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

গাজীপুরের টঙ্গীতে কথিত মাদক কারবারি আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন একাধিক স্থাপনায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৬৬ বোতল ফেনসিডিল, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ফোন এবং নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুন) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন ব্যাংকের মাঠ এলাকার একটি বস্তির আমির হোসেনের ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এছাড়া গোপালপুর এলাকায় আফরিনা বেগমের ছয়তলা ভবনসহ একাধিক স্থাপনায় তল্লাশি চালিয়ে ১১ পুঁড়িয়া গাঁজা, চার লিটার চোলাই মদ, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, আফরিনার ছয়তলা ভবনের এক ভাড়াটিয়া, মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে সিগারেটে ইয়াবা মিশিয়ে সেবন করতে দেখা যায়। ওই নারী সাংবাদিকদের কাছে দাবি করেন, স্বামীর সঙ্গে অভিমান করে তিনি ওই বাসায় ভাড়া নিয়ে অবস্থান করছেন এবং মাদক সেবন করছেন।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্রের দাবি, আফরিনা বেগম দীর্ঘদিন ধরে ব্যাংকের মাঠ এলাকার বস্তিতে সিলিন্ডার গ্যাসের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়া এক প্রভাবশালী বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করছেন বলেও পুলিশের দাবি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।