ঢাকার সাভারে ভাড়া বাসা থেকে এক নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাতে সাভারের আমিন বাজার থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই নারীর নাম শারমিন আক্তার লিজা (৩৬)।
স্থানীয়রা জানায়, স্বামীর সঙ্গে তালাকের পর ওই নারী মেয়েকে নিয়ে আমিনবাজারে একটি ভাড়া বাসায় থাকতেন। এছাড়া রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়। পরে রাতে বাসায় ফিরে তার মাকে বিছানার ওপর পড়ে থাকতে দেখে। এরপর প্রতিবেশীরা এসে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে মরদেহ ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশর অভিযান অব্যাহত রয়েছে।