টঙ্গীতে পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার : গ্রেপ্তার ১৬

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
শুক্রবার (৩ জুলাই) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
 
পুলিশ জানায়, অভিযানে অস্ত্র আইনে দায়ের করা মামলায় একটি চাইনিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকুসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ১২২ পিস ইয়াবাসহ একজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।
একই অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মাদক সেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।