দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সহযোগিতায় মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাসকোস মিনিবাস মালিক সমিতির আহবায়ক সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন, টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য, টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা বিষ্ণুপদ সরকার, পৌরসভা কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগের সিনিয়র সহ সভাপতি উচ্চমান সহকারী মোঃ শাহাদাত হোসেন, টাঙ্গাইল পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর আনিসুর রহমান, উচ্চমান সহকারী নূরে আলম ভাষানী ও কর আদায়কারী রঞ্জিত পাল।
এ সময় পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা, ড্রেন, জলাবদ্ধ স্থান ও জনসমাগমপূর্ণ এলাকায় মশক নিধনের ওষুধ ছিটানো হয় এবং জমে থাকা পানি অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ার কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার আহ্বান জানান তারা। নাগরিক অধিকার সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুমুক্ত টাঙ্গাইল গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
টাঙ্গাইল পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, জলাবদ্ধতা নিরসন এবং জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।