নরসিংদীতে ভারী বর্ষণে দেয়াল ধসে শিশুর মৃত্যু

সকালে স্কুলে গিয়েছিল ছোট্ট তানঝুমা। ক্লাস শেষে অন্যদিনের মতোই হাসিমুখে বাড়ি ফিরেছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সবকিছু বদলে যায়। টানা বৃষ্টিতে নরম হয়ে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল হঠাৎ ভেঙে তার ওপর পড়ে। মুহূর্তেই নিভে যায় আট বছরের একটি শিশুর জীবন।

বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তানঝুমা (৮) ওই গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, স্কুল ছুটি শেষে বাড়িতে ফিরে তানঝুমা বাড়ির পাশের একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের কাছে দাঁড়িয়ে ছিল। কয়েক দিনের টানা ভারী বর্ষণে দেয়ালটি সম্পূর্ণ ভিজে দুর্বল হয়ে পড়েছিল। হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই দেয়ালটি ধসে শিশুটির ওপর পড়ে। স্বজন ও প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হঠাৎ এই দুর্ঘটনায় পুরো মাইজপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। যে শিশুটি কিছুক্ষণ আগেও স্কুলের বই-খাতা হাতে বাড়ি ফিরেছিল, তার নিথর দেহ ঘিরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, টানা বৃষ্টিতে মাটির দেয়ালটি নরম হয়ে ধসে পড়ায় শিশুটি চাপা পড়ে মারা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।