কেরানীগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

কেরানীগঞ্জের বরইতলা এলাকায় গতকাল শুক্রবার গভীর রাতে বাসায় গ্যাস লাইনের কাজ চলাকালে হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন রাকিব (১৪), রাজন (২৫) ও সুমন (২৭)। চিকিৎসকদের ভাষ্য, তিনজনই বর্তমানে শঙ্কামুক্ত।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। অপর দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তবে তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে দগ্ধের সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তিনজনই আশঙ্কামুক্ত এবং প্রয়োজনীয় চিকিৎসাধীন রয়েছেন।