নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই পরীক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন নাফিজ ও স্বাধীন। তারা দুজনই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবারের এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।