মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরঙ্গাইল এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে পড়ে গেছে। এ ঘটনায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকালের দিকে বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা এলাকার মোন্তাজ আলীর ছেলে।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনার রশীদ বলেন, সকালে ঢাকাগামী সেলফি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন নামে ওই ব্যক্তি নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।