গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে দেওয়া পেপারওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফেটে গেছে। এ সময় ওই আইনজীবী মারাত্মকভাবে আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার (২২ জুলাই) আদালত চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। আহত আইনজীবীর নাম সাবিহা সুলতানা। বিচারকের এমন আচরণে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো: সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালতকক্ষের পেছনের বেঞ্চে কয়েকজন আইনজীবী কথা বলছিলেন। এ সময় বিচারক মো: সুজন মিয়া একটি কাঁচের পেপারওয়েট আইনজীবীদের লক্ষ্য করে ছুড়ে মারেন বলে অভিযোগ ওঠে। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত লাগে এবং তার মাথা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারকের এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ও ক্ষোভ ও নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত এবং বিচার দাবি করেন।
এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।