গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রোববার (২৬ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভোরে পোনা এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই বৃদ্ধকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি বলেন, নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।