জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি দেশ গড়তে জুলাই জাগরণ’কে কেন্দ্র করে কিশোরগঞ্জে নির্ধারিত পথসভাগুলোতে হামলার আশঙ্কা প্রকাশ করেছে দলটি। কর্মসূচিতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন দলটির নেতারা।
রোববার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান এনসিপির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই) কিশোরগঞ্জের তাড়াইলে বিকেল ৩টা, করিমগঞ্জে বিকেল ৫টা এবং কিশোরগঞ্জ সদর উপজেলায় সন্ধ্যা ৭টায় পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, আগামীকালের কর্মসূচিকে কেন্দ্র করে হামলার আশঙ্কা রয়েছে। পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে হামলার সম্ভাবনা রয়েছে বলে তারা মনে করছেন। এ ছাড়া অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আহনাফ সাঈদ খান আরো বলেন, ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতাও উসকানি দিচ্ছেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব প্রশাসন ও গোয়েন্দা সংস্থার।
তিনি বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে বা দমন-পীড়নের চেষ্টা করে, আমরা তার সমুচিত জবাব দেব।’
এনসিপির এই নেতা আরও বলেন, পথসভাগুলো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দলীয়ভাবেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্য সচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।