সোনারগাঁয়ে ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিয়ন্ত্রণহীন মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।

​মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাখালী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহত মায়া আলম (৪০) মৃত মজিবুর রহমানের ছেলে।

তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হলেও পরিবার নিয়ে সোনাখালী বারাকপুর এলাকায় ভাড়া থাকতেন।

​আহতরা হলেন- সোনাখালী এলাকার আলিনুর (২৫) ও সুরুজ মিয়া (৩০), বাপলুপুর এলাকার শহিদ (২৮) এবং সোনারগাঁ এলাকার টিকা খান (৩৫)। তাদের উদ্ধার করে স্থানীয় বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোনাখালী এলাকায় মহাসড়কের পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় ঢাকামুখী একটি দ্রতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পাশে দাঁড়িয়ে থাকা পথচারী মায়া আলম ঘটনাস্থলেই মারা যান। ​খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। 

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আওলাদ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।