নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিভাবকরা। অভিযোগের পর ঘটনা তদন্ত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস।
অভিযোগের পর বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।
একাধিক শিক্ষার্থীরা জানায়, সহকারী শিক্ষক তাজুল ইসলাম প্রায়ই তাদের কানের কাছে গিয়ে বলে তার সঙ্গে আলাদা কথা আছে। সে যেন দেখা করে। মাঝে মধ্যে সুযোগ বুঝে ছোট এই শিশুদের গায়ে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করে এবং বিভিন্ন খারাপ ইঙ্গিত দেয়।
এ ঘটনায় সোনারগাঁ উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক তাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন।
তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার।