টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের মধুপুরে বিএনপি’র এক নেতার মাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(৩১ জুলাই) রাতে উপজেলার শোলাকুড়ি দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জালেমন (৭৫) উপজেলার শোলাকুড়ি দিঘির পাড় এলাকার মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী। তিনি শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের মা।

স্থানীয়রা জানায়, জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।

এ বিষয়ে মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি৷ 

শনিবার(১ আগস্ট) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।