ফরিদপুরে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী গ্রেপ্তার

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে শহরের গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। এ সময় শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মোল্লা গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ী এলাকার মো. তারা মোল্লা ছেলে। র‌্যাব জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে এর আগে মাদক ও চুরির অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে, এর উৎস কোথায় এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার এবং একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধ দমনে র‌্যাব সবসময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’