ফরিদপুরে রেললাইনের পাশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রেললাইনের পাশে একটি কবরস্থানের কাছ থেকে মাহমুদা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর ভাসমান ও বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

​শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের কাছ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহমুদা ওই গ্রামের ইদ্রিস মোল্ল্যার চার সন্তান-সন্ততির মধ্যে সবার ছোট। 

​পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে মাহমুদা হঠাৎ নিখোঁজ হয়। স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। পরবর্তীতে রাত ৯টার দিকে প্রতিবেশীদের সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা পুলিশ এলাকায় অনুসন্ধানে নামে। তল্লাশির একপর্যায়ে রেললাইনের পাশের কবরস্থানের ঝোপঝাড়ের কাছে শিশুটির বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। 

​ঘটনায় শোকস্তব্ধ নিহতের ভাবি শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, ​‘আমরা মাহমুদাকে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় পেয়েছি। তার গায়ে থাকা পোশাকটিও গায়েব করে দেওয়া হয়েছে। সূর্য নামে স্থানীয় এক ব্যক্তি তাকে নির্যাতন ও ধর্ষণের পর হত্যা করেছে বলে আমাদের প্রবল সন্দেহ। আমরা অবিলম্বে এই পৈশাচিক ঘটনার বিচার চাই।’

​নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আল ফাহাদ জানান, ‘প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। সমবয়সী অন্য একটি শিশুর সঙ্গে খেলার সময় আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে নাকি ধর্ষণের মতো কোনো ঘৃণ্য অপরাধ ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’