টুঙ্গিপাড়ায় জুলাই তোরণে ফের অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬শে জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে ফের আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর আগে গত শনিবার তোড়নটি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফের রোববার গভীর রাতে আগুন দেওয়ায় তোরণটির অবশিষ্ট অংশও পুড়ে যায়।

এব্যাপারে পুলিশ জানিয়েছে, বিষয়টি ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত শনিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা শিশুপার্কের সামনে জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের স্মরণে তোরণটি নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

স্থানীয় বাসিন্দারা জানান, গত শনিবার রাত ১২টার দিকে একদল অজ্ঞাত লোক তোরণটিতে আগুন দিয়ে চলে যায়। এতে তোরনটির আংশিক পুড়ে যায়।

রোববার ( ৩ আগস্ট) গভীর রাতে তোরণটির অবশিষ্ট অংশে আবার আগুন দেওয়া হয়। এতে পুরো তোরণটি পুড়ে যায়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত তোরণে পরপর দুই রাতে আগুন দেওয়ার ঘটনা তাদের স্মৃতির অবমাননা মন্তব্য করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, প্রথমবার আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সোমবার আবারও তোরণে আগুন দেওয়ার খবর পেয়ে বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আজ সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।