গাজীপুরের শ্রীপুরে নকল পিস্তল দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন ও যৌতুকের দাবিতে নির্যাতন করার অভিযোগে মো. ইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুধু স্ত্রীতে নির্যাতন করাই নয় অভিযুক্তের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ রয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সম্প্রতি ইমন ‘পিস্তল’ দেখিয়ে একটি ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে ছড়িয়ে দেন। বিষয়টি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে পুলিশের একটি দল তাঁর বাড়িতে অভিযান চালায়। এ সময় ভিডিওতে দেখানো পিস্তলটি উদ্ধার করা হয়। পরে পরীক্ষা করে দেখা যায়, উদ্ধার করা বস্তুটি আসল আগ্নেয়াস্ত্র নয়, এটি একটি ‘পিস্তলসদৃশ লাইটার’।
অভিযোগ আছে, এই লাইটার দেখিয়েই ইমন এলাকায় ভীতি সৃষ্টি করতেন এবং স্ত্রীকে নিয়মিত ভয় দেখিয়ে যৌতুক দাবি করতেন।
এ ঘটনায় ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলায় যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টিকটকে অস্ত্রসদৃশ লাইটার দেখিয়ে তিনি ভিডিও প্রচার করতেন। এতে এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।