গোপালগঞ্জে ১৫ আগস্ট পর্যন্ত মোতায়েন থাকবে ৫ প্লাটুন বিজিবি

জুলাই গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার।

তিনি জানান, বিশেষ গুরুত্বপূর্ণ জেলা হিসেবে গোপালগঞ্জে আগাম নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক টহল পরিচালনার মাধ্যমে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং জেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এদিকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির সদস্যরা জেলায় দায়িত্ব পালন করবেন।