শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি দিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও দুই কৃতি শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন নিয়েও আলোচনা করেন সংশ্লিষ্টরা।
রোববার (১৬ আগস্ট) বিকেলে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত বি. আর. বিলকিস এবং সোনারগাঁ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আমিনুল ইসলামকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক বৃত্তিতে সফল চার শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সনমান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক টিক্কা।
এ সময় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দিলে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস আরও বাড়ে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের সাফল্য অন্যদেরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত করে।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।