প্রেমিকার মৃত্যুর খবর শুনে বিষপানে প্রেমিকের মৃত্যু

ফরিদপুরে প্রেমিকার মৃত্যুর খবর শোনে বিষপানে তানভীর (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী (এমপি ডাঙ্গী) গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।

​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় বোনের তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেলে তার প্রেমিকার স্ট্রোকজনিত আকস্মিক মৃত্যুর সংবাদ পান তানভীর। এ খবর শুনে মানসিক আঘাতে শোক সামলাতে না পেরে বিকেল আনুমানিক ৪টার দিকে বিষ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে বোন ও মা ছালেহা বেগম তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর নিহতের বড় ভাই সাইফুর রহমান থানায় হাজির হয়ে অপমৃত্যুর তথ্য জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।