মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই দিন সকালেও বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আবুল কাশেম। ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তার বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে মহাসড়কে পড়ে আহত হন তিন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান, সকাল ৮টার দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।