গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

গোপালগঞ্জের বোলতলীতে বাস-ট্রাক সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক শফিউল আলম জানান, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। 

খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে। তবে এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। 

তিনি আরও জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।