ট্রলি ব্যাগে কুড়াল, দোকানে গিয়ে শ্বশুরকে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে শ্বশুরকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। নিহত মজিদ মোড়ল (৭০) পেশায় কলা ব্যবসায়ী।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর কলাপট্টিতে নিজের দোকানে বসে থাকা অবস্থায় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মজিদ মোড়লের মেয়ে শাহানাজ বেগমের সঙ্গে তার স্বামী মোজাম্মেল হোসেন ওরফে মুজা সরকারের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। 

স্বজনদের অভিযোগ, মাদক সেবন করে স্ত্রীকে মারধর ও নির্যাতন করতেন মোজাম্মেল। এ কারণে শাহানাজ বেশ কয়েকবার বাবার বাড়িতে চলে আসেন। সম্প্রতি তিনি সেখানেই ছিলেন।

এ নিয়ে শ্বশুর মজিদ মোড়লের সঙ্গেও মোজাম্মেলের বিরোধ তৈরি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে একটি ট্রলি ব্যাগ নিয়ে মজিদের দোকানে যান মোজাম্মেল। ব্যাগ খুলে কুড়াল বের করে শ্বশুরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। একপর্যায়ে মজিদ মাটিতে পড়ে গেলে ঘটনাস্থলে ব্যাগ ফেলে পালিয়ে যান মোজাম্মেল।

স্থানীয়রা আহত মজিদকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, কলা ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।