টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে গেলেও তিনটি জবাই করা ঘোড়া ঘটনাস্থলে ফেলে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা অন্য স্থান থেকে ঘোড়াগুলো এনে পরিত্যক্ত বাড়িটিতে জবাই করে। সকালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে গেলেও বাকি তিনটির মাংস নিতে পারেনি।
খবর পেয়ে পুলিশ ও পৌর কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তিনটি জবাই করা ঘোড়াসহ সাতটির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সরিয়ে অন্যত্র পুঁতে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দা মফিজ মিয়া বলেন, এখানে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে। সাতটির মাংস নিয়ে গেছে, আর তিনটি রেখে গেছে। তার ধারণা, ঘোড়ার মাংস কোনো হোটেলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। এর আগেও উপজেলার নাইকানীবাড়ী ও গাজীর ভাঙ্গা এলাকায় ঘোড়ার মাথা, হাড় ও চামড়া পড়ে থাকতে দেখা গেছে বলে জানান তিনি।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাত ১টা থেকে ভোর ৪টার মধ্যে পরিত্যক্ত বাড়িটিতে ১০টি ঘোড়া জবাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোর হয়ে যাওয়ায় দুর্বৃত্তরা সাতটি ঘোড়ার মাংস নিয়ে পালিয়ে যায় এবং তিনটি জবাই করা ঘোড়া ফেলে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাসাইল পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে তিনটি জবাই করা ঘোড়াসহ সাতটির মাথা, হাড়, চামড়া ও নাড়িভুঁড়ি সরিয়ে অন্যত্র পুঁতে ফেলা হয়েছে। পরে ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে।