গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজনসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন নুরুল ইসলামকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তাকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ ওঠে। রাত ১২টার দিকে হামলাকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিএনজিচালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।