টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ৪

গাজীপুরের টঙ্গীতে নুরুল ইসলাম হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। বুধবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টঙ্গীর পাগাড় এলাকার মৃত আলম খানের ছেলে নুর ইসলাম বাবু ওরফে খান বাবু (৩৮), একই এলাকার নুরুল ইসলাম খানের ছেলে তরিকুল ইসলাম জিহাদ (২৩), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বালিয়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে মামুন (২৬) এবং রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ গ্রামের মৃত লাবলু মিয়ার ছেলে আরাফাত রহমান জনি (২৮)।

পুলিশের ভাষ্য, মাদক নিয়ে বিরোধের জেরে গত ১ সেপ্টেম্বর দিবাগত রাতে টঙ্গীর গোপালপুর এলাকা থেকে নুরুল ইসলামকে তুলে নিয়ে যান প্রতিপক্ষের লোকজন। পরে তাকে টঙ্গী নদীবন্দরসংলগ্ন ইটখোলা এলাকায় নিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে নুরুল ইসলামের সহযোগীরা তাকে সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ২ সেপ্টেম্বর নিহত নুরুল ইসলামের বোন নুরজাহান আক্তার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে প্রধান আসামি খান বাবুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এজাহারভুক্ত তিন আসামি ও তদন্তে পাওয়া একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।