নরসিংদীতে ছেলের হাতে বাবা খুন

নরসিংদীর শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা আব্দুল বাছেদ মিয়া (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পুটিয়া ইউনিয়নের ভরতেরকান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। অভিযুক্ত ছেলে শাকিল চৌধুরী (৩৫) ঘটনার পর পালিয়ে গেছেন। শাকিল পেশায় রাজমিস্ত্রির শ্রমিক।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোনো বিরোধ ছিল না। বৃহস্পতিবার রাতে বাবা-ছেলে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী বাবাকে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ছেলের সঙ্গে বাবার কোনো বিরোধ আছে কিনা ও হত্যার কারণ জানতে পুলিশ কাজ করছে। জড়িত ছেলেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।