ছাত্রকে বলাৎকার

শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ঢাকার সাভারে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় সায়েম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনার বেতাগী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার সায়েম মামলার দুই নম্বর আসামি। এ মামলায় মাদ্রাসার চার শিক্ষক ও ছয় শিক্ষার্থীসহ মোট ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও শিশুটির পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার পূর্ব শাহীবাগের মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল শিশুটি। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে বলাৎকার করে আসছিলেন।

একপর্যায়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। গত ১৮ আগস্ট তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান। সেখানে কয়েক দিন চিকিৎসা শেষে শিশুটিকে বাড়িতে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি সাভার মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণ করা হয়।

মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পূর্ব শাহীবাগের ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে সাভারসহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায় পুলিশ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বরগুনার বেতাগী থানা এলাকায় অভিযান চালিয়ে সায়েমকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হাসান বলেন, ‘মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’