নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মসজিদ কমিটির টাকার হিসাব নিয়ে বিরোধের জেরে মো. হোসেন (৪০) নামের এক যুবকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাড়িঘরে ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
আহত হোসেন বস্তল এলাকার দাইয়ানের ছেলে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের টাকার হিসাব নিয়ে একই এলাকার জামাল উদ্দিনের ছেলে রোকনের সঙ্গে হোসেনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় রোকন ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে হোসেনের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে রক্ষা করতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।
পরে বাড়ির বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। হামলাকারীরা চলে যাওয়ার সময় ঘরের দেয়ালে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়ে বলেও অভিযোগ করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
হোসেনের বোন ইয়াসমিন অভিযোগ করেন, হামলাকারীরা তার ভাইকে কুপিয়ে জখম করার পাশাপাশি ঘরে থাকা কয়েক লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত রোকন ও তার সহযোগীরা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলা ও বাড়িঘর ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। তবে গুলিবর্ষণের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।