তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেলো ফেরি

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া ঘাটে পৌঁছেও ভিড়তে পারেনি রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। স্রোতের টানে ফেরিটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। এ সময় ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

ফেরিটিতে ৮টি যাত্রীবাহী বাস, ৪টি ট্রাক ও ৩টি প্রাইভেটকার ছিল।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘হামিদুর রহমান’। মাঝ নদী অতিক্রম করার সময় ফেরিটি তীব্র স্রোতের কবলে পড়ে এবং একপর্যায়ে ত্রুটি দেখা দেয়।

স্রোতের চাপে ফেরিটি ভাটির দিকে সরে যেতে শুরু করলে সেটিকে নিরাপদ স্থানে নোঙর করা হয়। পরে একই নৌপথে চলাচলকারী রো-রো ফেরি ‘খানজাহান আলী’ ঘটনাস্থলে গিয়ে ‘হামিদুর রহমান’কে উদ্ধার করে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, নদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে মাঝেমধ্যে ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাটির দিকে ভেসে যাওয়ার ঘটনা ঘটে। তবে পরে উদ্ধারকারী ফেরির সহায়তায় সেটিকে নিরাপদে ফিরিয়ে আনা হয়।