বাঁধনের ওপর হামলায় জড়িত মনিরুলের পরিবার আত্মগোপনে

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়িতে তালা ঝুলছে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর হামলার আশঙ্কায় তার মা ও ভাই আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মনিরুল সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের মৃত শাজাহান হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ধুরাইল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। এলাকায় থাকাকালে তিনি সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন।

এলাকাবাসী আরো জানান, প্রায় দেড় বছর আগে দালালের মাধ্যমে ২৮ লাখ টাকা খরচ করে লিবিয়া হয়ে ইতালি যান মনিরুল। তার পরিবারের সদস্যরা গ্রামের একটি জরাজীর্ণ দোচালা বাড়িতে থাকতেন। বিদেশ যাওয়ার জন্য নেওয়া ঋণের টাকাও এখনো পুরোপুরি পরিশোধ হয়নি বলে জানান তারা।

মনিরুলের সৎ ভাই ওবায়দুল হাওলাদার বলেন, মনিরুল বিদেশে গিয়ে উপার্জনের বদলে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন। তিনি বলেন, মনিরুলের কর্মকাণ্ডের সঙ্গে তারা একমত নন এবং ঘটনার বিচার হওয়া উচিত।

এদিকে, বিদেশের মাটিতে এমন ঘটনায় মনিরুলের শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তার ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, ঘটনা জানার পর মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাড়িঘরে কেউ যাতে হামলা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি জানানো হয়েছে।