টাঙ্গাইলে দুর্বৃত্তদের হামলায় আনসার সদস্য নিহত

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্তকৃত এক আনসার সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হানিফের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান বলেন, গুরুতর আহত অবস্থায় হানিফকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।